বাগাতিপাড়ায় পথ রোধ করে চাকু দিয়ে চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই
- আপডেট সময় : ১২:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১২৬৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় পথ রোধ করে চাকু দিয়ে চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই
নাটোরের বাগাতিপাড়ায় বাঁশ দিয়ে পথ রোধ করে ধারালো চাকু দিয়ে কুপিয়ে জখম করে আজাদ আলী (৩৭) নামের এক চালককের ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) ভোরে উপজেলার পকেটখালি পুলিশ ক্যাম্পের অদূরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী ভ্যানচালক আজাদ আলী উপজেলার জামনগর ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের বাসিন্দা আলাল মণ্ডলের ছেলে।
পুলিশ ক্যাম্পের কাছে এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসীরা। এলাকাবাসীর অনেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ জানিয়ে বলেন, সড়কে পর্যাপ্ত নজরদারি এবং পুলিশের টহল না থাকায় ছিনতাইকারীরা নির্বিঘ্নে এমন ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে পেরেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে আজাদ আলী নিজের কলাবোঝাই ব্যাটারিচালিত ভ্যান নিয়ে কলা বিক্রির উদ্দেশ্যে রাজশাহীর পুঠিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পকেটখালি পুলিশ ক্যাম্পের অদূরে একদল দুর্বৃত্ত সড়কে বাঁশ ফেলে তার পথরোধ করে। চালক আজাদ ভ্যান থামাতেই তাকে জোর করে ভ্যান থেকে নামিয়ে ধারালো চাকু দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং কলাগুলো সড়কে ফেলে দিয়ে ভ্যানগাড়ীটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় পথচারীরা রক্তাক্ত অবস্থায় আজাদকে সড়কে পড়ে থাকতে দেখে পকেটখালী পুলিশ ক্যাম্পের পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান সেখানকার কর্তব্যরত চিকিৎসক।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।






















