নাটোরে প্রতিবন্ধী মুন্না ফিরে পেল ছিনতাই হওয়া ফোন ও অটোরিক্সা!
- আপডেট সময় : ০১:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ৩৮৪ বার পড়া হয়েছে

নাটোরে প্রতিবন্ধী মুন্না ফিরে পেল ছিনতাই হওয়া ফোন ও অটোরিক্সা!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে পুলিশের সহায়তায় ছিনতাই হওয়া ব্যাটারি চালিত অটোরিক্সা ও স্মার্ট ফোন ফিরে পেয়েছে প্রতিবন্ধী রিক্সা চালক মুন্না (১৮)। এই ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ জুন) দুপুর আড়াইটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং শেষে ছিনতাই হওয়া অটোরিক্সা ও মোবাইল ফোন মুন্নার হাতে তুলে দেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।
প্রতিবন্ধী রিক্সা চালক মুন্না নলডাঙ্গা উপজেলার কাঠুয়াগাড়ী গ্রামের সাইদুল ইসলামের ছেলে। অপরদিকে গ্রেফতারকৃতরা হলো, নাটোর সদর উপজেলার মল্লিকহাটি এলাকার অর্জুন কুমার দাসের ছেলে অনিমেষ কুমার দাস উত্তম (৩০), বড়াইগ্রাম উপজেলার মেরীগাছা এলাকার আলীমুদ্দিন প্রামানিকের ছেলে শাহীন প্রামানিক (২৬) এবং পাবনার চাটমোহর উপজেলার ধুরইল গ্রামের রায়হান হোসেনের ছেলে রাজু হোসেন (২২)।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম আরো জানান, গত ১৫ মে প্রতিদিনের ন্যয় অটোরিক্সা নিয়ে ভাড়া খাটতে বের হয় মুন্না। ওই দিন দুপুরে ছিনতাকারীরা ভাড়ায় মুন্নার অটোরিক্সাযোগে নাটোর রেল স্টেশন এলাকা থেকে আখেরের মোড় এলাকায় যায়। পরে তারা সেখানে গামছা দিয়ে মুন্নার মুখ বেধে বেধড়ক মারপিট করে ব্যাটারিচালিত অটোরিক্সা ও একটি স্মাট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে মুন্না প্রতিকার চেয়ে পুলিশ সুপার বরাবর একটি লিখিত আবেদন করেন। পরে পুলিশ সুপারের দিক নির্দেশনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার ও অটোরিক্সা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। মামলার অপর অভিযুক্ত নাটোর শহরের কান্দিভিটা এলাকার অমর ইসলামের ছেলে সূর্য ইসলাম (২৫) পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।




















