মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জী’বন্ত পাখি ছিঁ/ড়ে খাওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জী’বন্ত পাখি ছিঁ/ড়ে খাওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খাওয়ার ঘটনায় সাদুল্লাহ নামে ৬০ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দী মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাদুল্লাহ ওই এলাকার হাফিজল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার কোয়ালিকান্দী বাজারে কয়েকজন অটোরিকশাচালকের সঙ্গে ৫০০ টাকার বাজি ধরেন সাদুল্লাহ। বাজির শর্ত অনুযায়ী তিনি একটি জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খেয়ে ফেলেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজনের উপস্থিতিতে এক ব্যক্তি জীবন্ত শালিক পাখির পালক ও চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছেন। এ সময় তাকে ‘৫০০ টাকা মারা খাইলোরে’ বলতেও শোনা যায়।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের মতে, বাজি বা বিনোদনের নামে একটি জীবন্ত পাখির প্রতি এমন নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি জানতে পারে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাদুল্লাহকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬ অনুযায়ী মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।



















