উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়তে নাটোরে টাউন হল সভা
- আপডেট সময় : ০৩:৩৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়তে নাটোরে টাউন হল সভা
নাটোর প্রতিনিধিঃ
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়ে তোলার লক্ষ্যে উদ্যোক্তা ও অংশীজনদের নিয়ে নাটোরে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
প্রাইম ব্যাংকের রাজশাহী আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অঞ্চলের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার।
প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, কৃষিভিত্তিক এ উদ্যোগকে বাংলাদেশ ব্যাংক গুরুত্বের সঙ্গে দেখছে। ঋণ গ্রহণকারীরা যাতে অর্থ সঠিকভাবে ব্যবহার করতে পারেন, সে বিষয়ে সচেতনতা ও প্রচার-প্রচারণা প্রয়োজন। উদ্যোক্তাদের জন্য এ ঋণ গ্রহণের ক্ষেত্রে অযথা জটিলতা নেই বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে আব্দুল হালিম বলেন, সারাদেশে এ খাতে ১০ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়নের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে উত্তরাঞ্চলের জন্য ৩ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়নের ব্যবস্থা রয়েছে। এ অর্থ কৃষি উৎপাদন, কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও উদ্যোক্তারা নিতে পারবেন।
তিনি আরও জানান, এ ঋণ কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সারাদেশের ৩৯টি ব্যাংক চুক্তিবদ্ধ হয়েছে। সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ৭ শতাংশ সুদে কোনো জামানত ছাড়াই সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।
এছাড়াও সভায় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাত আরা ফেরদৌস, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক নাজিম উদ্দিন, পূবালী ব্যাংকের মহাপরিচালক চৌধুরী আব্দুল ওয়াহিদসহ বিভিন্ন ব্যাংকের নাটোর শাখার কর্মকর্তা, উদ্যোক্তা ও অংশীজনরা উপস্থিত ছিলেন।



















