কন্যা দিবসে মেয়ের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা প্রতিমন্ত্রী পুতুলের
- আপডেট সময় : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

কন্যা দিবসে মেয়ের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা প্রতিমন্ত্রী পুতুলের
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মেয়ের ছবি পোস্ট করে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। মেয়েকে ঘিরে নিজের স্মৃতি, মাতৃত্বের অনুভূতি এবং কন্যাশিশুদের নিরাপত্তা ও অধিকার নিয়ে নানা ভাবনার কথা তুলে ধরেছেন তিনি।
স্ট্যাটাসের শুরুতেই তিনি লেখেন, আমাদের কন্যারা মহাকালের বুক জুড়ে তাদের অস্তিত্ব জানান দিয়ে যাক প্রতিদিন-প্রতি মুহূর্তে।
পোস্টে প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন পর মেয়েকে নিয়ে একসঙ্গে ভ্রমণ করছেন তিনি। ম্যানিলায় একটি সম্মেলন শেষে দেশে ফেরার পথে মালয়েশিয়া হয়ে ঢাকায় ফিরছেন। শারীরিক কারণে বর্তমানে তাকে কিছুটা সতর্কভাবে চলাফেরা করতে হয়। তাই বিমানবন্দরে চেক-ইন, বোর্ডিং থেকে শুরু করে লাগেজ বহনের কাজও তার মেয়ে নিজের দায়িত্বে করে নিতে চেয়েছে।
মেয়েকে নিয়ে অতীতের স্মৃতিচারণ করে তিনি লেখেন, প্রায় এক দশক আগে শীতের এক দুপুরে অসুস্থ মেয়েকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর কথা। বাবাকে হারানোর পর জীবনের কঠিন সময়ে মেয়েটিই তাকে মানসিক শক্তি জুগিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কন্যাশিশু দিবসের বিভিন্ন আয়োজনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, কন্যাশিশুর স্বকীয়তা, আত্মবিশ্বাস ও নিজস্বতা নিয়ে বেড়ে ওঠার প্রত্যয় বিভিন্ন সভা-সেমিনারে উচ্চারিত হবে। তবে একই সঙ্গে দেশের বিভিন্ন কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নিরাপত্তাহীনতার ঘটনাগুলো মনে পড়ে উদ্বেগ তৈরি হয় বলেও তিনি উল্লেখ করেন।
স্ট্যাটাসে তিনি আরও বলেন, কন্যাশিশুদের জন্য নিরাপদ দেশ নিশ্চিত করতে না পারা সমাজের বড় ব্যর্থতা। একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
মেয়ের সঙ্গে কথোপকথনের একটি মুহূর্তও তুলে ধরেছেন ফারজানা শারমিন পুতুল। তিনি লিখেছেন, রাতে মেয়ের পাশে বসে তাকে নিয়ে লিখছেন জানালে মেয়ে প্রশ্ন করে- এক দিনের জন্যই লিখবে? মেয়ের এই প্রশ্ন তাকে গভীরভাবে ভাবিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী লেখেন, একটি দিবস নয়, আমাদের কন্যারা মহাকালের বুক জুড়ে তাদের অস্তিত্ব জানান দিয়ে যাক প্রতিদিন-প্রতি মুহূর্তে।
প্রতি বছর ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়। দিবসটির উদ্দেশ্য কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করা, লিঙ্গবৈষম্য দূর করা এবং তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশে উৎসাহিত করা।
২০২৬ সালের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য হিসেবে ‘End Child Marriage and Invest in Girls’ Rights’ নির্ধারণ করা হয়েছে। বাংলায় যার অর্থ- ‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন।’
প্রতিমন্ত্রীর আবেগঘন এ লেখাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং অনেকে তার বক্তব্যের প্রশংসা করেন।



















