সামাজিক নিরাপত্তার সুবিধা পেতে প্রকৃত যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে- পুতুল
- আপডেট সময় : ০৯:১৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে

সামাজিক নিরাপত্তার সুবিধা পেতে প্রকৃত যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে- পুতুল
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রকৃত অসহায় ও যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। কোনো অনিয়ম বা অবহেলার কারণে যেন প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নাটোরের বাগাতিপাড়ায় দিনব্যাপী বিভিন্ন সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
দিনের কর্মসূচির শুরুতে বাগাতিপাড়া উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রতিমন্ত্রী। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন তিনি।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সরকারি অনুদান, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
বয়স্ক, বিধবা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা ভাতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আর কোনো মা-বাবা তাঁদের ন্যায্য হক থেকে বঞ্চিত হবেন না। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীরা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
পরে ফারজানা শারমিন পুতুল বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে আয়োজিত আলোচনা সভায় অংশ নেওয়ার পাশাপাশি তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
বিকেলে স্থানীয় সুধীজন ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। দিনশেষে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নেন তিনি। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মো. শামসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ডা. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















