নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত
- আপডেট সময় : ১০:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৪১৮ বার পড়া হয়েছে

নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত
নাটোরে বিআরটিসি বাসের চাপায় রমিজুল করিম (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষক রমিজুল করিম নাটোর সদর উপজেলার কলম এলাকার মৃত রজব আলীর ছেলে এবং কলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলযোগে নাটোর শহর থেকে বাড়ি ফিরছিলেন রমিজুল করিম। পথে ডাল সড়ক এলাকায় পৌঁছালে নাটোর থেকে বগুড়াগামী একটি বিআরটিসি বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। তবে ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘাতক বাসটি শনাক্ত ও জব্দের চেষ্টা অব্যাহত রয়েছে।




















