নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৩৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নাটোর জেলা শাখার উদ্যোগে বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে নাটোর রাজবাড়ীর আনন্দ ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের গাড়িচালক এবং বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক হযরত আলী।
অনুষ্ঠানে অবসর উপলক্ষে তিনজন সরকারি গাড়িচালককে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন— বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক নাসির উদ্দিন, নাটোর সদর উপজেলা মৎস্য কর্মকর্তার গাড়িচালক মো. ইব্রাহিম এবং এলজিইডি নাটোর সদর কার্যালয়ের গাড়িচালক শ্রী নুকুল সরকার। নির্ধারিত পাঁচজনের মধ্যে দুজন উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নাটোর জেলা শাখার উপদেষ্টা মো. নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. কাসেম আলী, জুনিয়র সহ-সভাপতি মো. ডাবলু এবং দপ্তর সম্পাদক মো. জনি।
বক্তারা সংগঠনের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সরকারি দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা ও নিষ্ঠা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদায়ী গাড়িচালকদের দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রশংসা করে তাদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধনাপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে বার্ষিক বনভোজনে অংশগ্রহণকারীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হন।


















