আনোয়ারায় ছাত্রদলের বিরুদ্ধে কিশোরকে কু/পি/য়ে জ/খ/মে/র অভিযোগ
- আপডেট সময় : ১১:২১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

আনোয়ারায় ছাত্রদলের বিরুদ্ধে কিশোরকে কু/পি/য়ে জ/খ/মে/র অভিযোগ
ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত যুবক হাসপাতালে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় দাঁড়ালো অস্ত্রের আঘাতে আবিদ (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহত আবিদ উপজেলার চাতরী চৌমুহনী এলাকার ব্যবসায়ী বাবুলের ছেলে। যদিও তাদের গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়, বর্তমানে পরিবারসহ চাতরী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন তারা।
ঘটনার বিষয়ে আবিদের বন্ধু নয়ন জানান, চাতরী ও আনোয়ারা এলাকার কয়েকজন যুবকের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলছিল। খেলার একপর্যায়ে হঠাৎ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল যুবক মাঠে এসে অতর্কিত হামলা চালায়। হামলার সময় সবাই ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। পরে আবিদকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
আহতের মামা রাকিব অভিযোগ করে বলেন, কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিনের নির্দেশনায় এ হামলা হয়েছে। হামলার পর আবিদ তাকে জানিয়েছে, রাব্বি ও সিফাতসহ কয়েকজন তার ওপর হামলা চালিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন বলেন, “শুনেছি নিষিদ্ধ ছাত্রলীগের কিছু সদস্য বিশৃঙ্খলার প্রস্তুতি নিচ্ছিল। তখন ছেলেরা তাদের প্রতিহত করতে গেছে। পরে কী হয়েছে, সে বিষয়ে আমি কিছু জানি না।”
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতাহাতির একটি ঘটনার খবর পাওয়া গেছে। এক পক্ষ থানায় অভিযোগ করতে এসেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















