রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার
- আপডেট সময় : ০৬:৫৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ১২২ বার পড়া হয়েছে

রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার
র্যাবের অভিযানে নবগঙ্গা এলাকায় মিলল অস্ত্র; টের পেয়ে পালিয়েছে সন্দেহভাজনরা
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা আইবাধ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৩ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নবগঙ্গা এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে অবস্থানরত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। পরে পুরো এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অস্ত্র কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।


















