দেবীগঞ্জে ফিলিং স্টেশনে জ্বালানি সংকট, ভোগান্তিতে চালকরা
- আপডেট সময় : ০৪:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ২০৪ বার পড়া হয়েছে

দেবীগঞ্জে ফিলিং স্টেশনে জ্বালানি সংকট, ভোগান্তিতে চালকরা
পেট্রোল, অকটেন ও ডিজেল না পেয়ে খালি হাতে ফিরছেন অনেক গ্রাহক
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের সংকট দেখা দিয়েছে। এতে দূরপাল্লার যানবাহন চালক ও মোটরসাইকেল আরোহীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
শনিবার (১৪ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, ডোমার–দেবীগঞ্জ মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সরকার ফিলিং স্টেশন এবং পৌর শহরের আব্দুলপুর এলাকার মেসার্স রাঙ্গা ফিলিং স্টেশন—এই দুইটি পাম্পে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নেই। ফলে পাম্প কর্তৃপক্ষ গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী তেল সরবরাহ করতে পারছেন না।
জ্বালানি নিতে এসে অনেক গ্রাহককে খালি হাতে ফিরে যেতে দেখা গেছে। এতে জরুরি কাজে বের হওয়া অনেক মানুষ সমস্যায় পড়েছেন।
স্থানীয় কয়েকজন গ্রাহক জানান, হঠাৎ করে তেলের এমন সংকট সাধারণ মানুষের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন, অনেক সময় জরুরি প্রয়োজনে বের হয়ে পাম্পে এসে তেল না পেয়ে আবার ফিরে যেতে হচ্ছে।
এদিকে জ্বালানি না থাকায় ফিলিং স্টেশনগুলো প্রায় অচল অবস্থায় রয়েছে।
দেবীগঞ্জের ফিলিং স্টেশন মালিকরা জানান, বাংলাদেশে পেট্রোল, ডিজেল, অকটেন ও কেরোসিনসহ বিভিন্ন জ্বালানি তেল সংরক্ষণ ও সরবরাহের প্রধান কেন্দ্র হচ্ছে ডিপো। এসব ডিপো থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হয়।
তবে সাম্প্রতিক সময়ে ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ না পাওয়ায় তারা গ্রাহকদের যথাযথ সেবা দিতে পারছেন না বলে জানান তারা।
এ পরিস্থিতি দ্রুত সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।




















