গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচিতে নলডাঙ্গায় উন্নয়নের ছোঁয়া
- আপডেট সময় : ০৩:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৮০ বার পড়া হয়েছে

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচিতে নলডাঙ্গায় উন্নয়নের ছোঁয়া
কাবিখা-কাবিটা ও টিআর প্রকল্পে রাস্তা, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক সংস্কার কাজ
নাটোরের নলডাঙ্গা উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় দৃশ্যমান উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের মাধ্যমে উপজেলার পাঁচটি ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
অবকাঠামো সংস্কার কার্যক্রমের আওতায় ৯টি রাস্তা সিসিকরণ, ১০টি রাস্তা সিসি ঢালাইকরণ, ৮টি রাস্তা সংস্কার ও উন্নয়ন, দুটি রাস্তায় গাইডওয়াল নির্মাণ ও মাটি ভরাট এবং সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া ৮টি জামে মসজিদের উন্নয়ন, ২টি ঈদগাহ মাঠ সংস্কার ও পাকা ঘর নির্মাণ, ২টি মাদ্রাসা সংস্কার এবং ১টি দুর্গা মন্দির উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।
গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) প্রকল্পে মোট বরাদ্দ ছিল ৬৯ লাখ ৭ হাজার ৭৮ টাকা ২৯ পয়সা। আর গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পে বরাদ্দ ছিল ৫১ লাখ ৫৪ হাজার ৮৮০ টাকা ৪৭ পয়সা।
বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুদ তালুকদার বলেন, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। পিআইও অফিসের তদারকির ফলে কাজের মান বজায় রাখা সম্ভব হয়েছে এবং এলাকাবাসী সন্তুষ্ট।
ব্রহ্মপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোবারক হোসেন জানান, তার এলাকায় সম্পন্ন হওয়া কাজগুলো মানসম্মত হয়েছে এবং যথাযথ তদারকির মাধ্যমে উন্নয়ন কার্যক্রম শেষ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। কাজের মান ভালো হয়েছে এবং কোথাও অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রমের মান নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট থাকবে।




















