নাটোরে পুকুরপাড় থেকে অজ্ঞাত তরুণীর র’ক্তাক্ত ম’রদেহ উদ্ধার
- আপডেট সময় : ০১:০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৩৪৯ বার পড়া হয়েছে

নাটোরে পুকুরপাড় থেকে অজ্ঞাত তরুণীর র’ক্তাক্ত ম’রদেহ উদ্ধার
সদর উপজেলার বড়ভিটা ভেদরার বিল এলাকায় মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের আশঙ্কা
নাটোর সদর উপজেলার বড়ভিটা ভেদরার বিল এলাকায় একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে নাটোর পৌরসভার বড়ভিটা বিল এলাকার একটি নির্জন পুকুরপাড়ে এক তরুণীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমান। পরে স্থানীয়রা নাটোর সদর থানায় খবর দেন।
খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন ও রক্তের উপস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, কোনো সহিংস ঘটনার জেরে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও সময় ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া তরুণীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।




















