সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনা এড়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- আপডেট সময় : ০৩:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনা এড়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
হেলমেট ও বৈধ কাগজপত্র যাচাই—৬ মোটরসাইকেল চালককে জরিমানা
মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধ এবং হেলমেট পরিধান নিশ্চিত করতে নওগাঁর সাপাহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে সাপাহার সদর জয়পুর ফিলিং স্টেশন মোড়ে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা রিয়াজ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে এএসআই আতাউরের নেতৃত্বে সাপাহার থানা পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৬ জন চালককে মোট ১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা চালকদের হেলমেটসহ নিরাপত্তামূলক সরঞ্জাম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, “অসতর্কতার কারণেই সড়কে দুর্ঘটনা বাড়ছে। হেলমেট পরিধান শতভাগ নিশ্চিত করা গেলে দুর্ঘটনায় প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।”
তিনি আরও জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট স্থাপন করে নিয়মিতভাবে কাগজপত্র ও হেলমেট চেক করা হবে। বেপরোয়া গতিতে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




















