মান্দায় মাদ্রাসার অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৪:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে

মান্দায় মাদ্রাসার অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর সিনিয়র আলিম মাদ্রাসার অবৈধ কমিটি গঠন ও দুটি পদে অনিয়মিত নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে এলাকাবাসীর ব্যানারে মাদ্রাসা সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক, হারুন অর রশীদ, সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম এবং আবু বক্কর সিদ্দিক।
বক্তারা অভিযোগ করেন, শিক্ষার্থী ও অভিভাবকদের অজ্ঞাতে গোপনে মাদ্রাসার একটি “পকেট কমিটি” গঠন করা হয়েছে। ওই কমিটির মাধ্যমে কম্পিউটার ল্যাব অপারেটর ও গবেষণাগার/ল্যাব সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বক্তাদের দাবি, মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদ স্বজনদের নিয়োগ দিতে এই প্রক্রিয়া পরিচালনা করছেন।
স্থানীয় বাসিন্দা হারুন অর রশীদ বলেন, “গত ১৭ অক্টোবর এই দুই পদে সাক্ষাৎকারের জন্য প্রার্থীদের উপস্থিত থাকতে বলা হয়। প্রার্থীরা সময়মতো আসলেও অধ্যক্ষ ও নিয়োগ বোর্ডের কেউই উপস্থিত ছিলেন না।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
আরেক বাসিন্দা মোজাম্মেল হক বলেন, “অধ্যক্ষ মামুনুর রশীদ এর আগেও একাধিক পদে অনিয়ম করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। আমরা তাঁর অপসারণসহ এই অবৈধ কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে জানতে অধ্যক্ষ মামুনুর রশীদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। প্রতিষ্ঠানেও তাঁকে পাওয়া যায়নি।


















