সিংড়ায় পৃথক সংঘর্ষে ১জন কুচ বিদ্ধ, মোট আহত ৬!
- আপডেট সময় : ০৩:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২ ১৭১ বার পড়া হয়েছে

সিংড়ায় পৃথক সংঘর্ষে ১জন কুচ বিদ্ধ, মোট আহত ৬!
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
সিংড়ায় পৃথক সংঘর্ষে ১জন কুচ বিদ্ধ, মোট আহত ৬! নাটোরের সিংড়ায় পৃথক দুটি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সাঐল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত হয় চারজন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হল মোশারফ হোসেন (৩৮), আলামিন (৩৩), সোলায়মান (৫৫) ও শাম্মী আকতার (৩১)।
খাজুরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন বলেন, সাঐল বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
অপরদিকে এদিন (বুধবার) সকাল ১০টার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের গুনাইখাড়া বাজারে খাস জায়গা দখল নিয়ে এক পক্ষের কুচ বিন্ধ হয়ে দু’জন আহত হয়েছে। আহতরা হল মীর ভুলু (৪৫) ও মীর হাবিব (৪০)। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার গুনাইখাড়া গ্রামের আবু রায়হান ও দুলাল খানের নেতৃত্বে অর্ধ শতাধিক লোকজন বাজারের সরকারি খালের উপর টিনের চালার একটি ঘর নির্মাণ শুরু করেন। এসময় প্রতিপক্ষ বাজারের স্থানীয় ব্যবসায়ী মীর ভুলু ও মীর হাবিব বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে লোহার কুচ নিক্ষেপে দু’জন আহত হয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে ঘর নির্মাণ কাজ বন্ধ করেন।
এবিষয়ে অভিযুক্ত আবু রায়হান বলেন, সেখানে তারা একটি ওয়াক্তিও মসজিদ নির্মাণ করতে গেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। আহত দু’জন নিজে নিজে পড়ে গিয়ে আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে গ্রাম্য প্রধান আলী আজগর খান বলেন, সরকারি খাল দখল করে একটি পক্ষ মসজিদের নামে জায়গা দখলের পায়তারা করছে। এই খাল দখল হলে এলাকার কৃষক ও বাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কেউ এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করেনি।
সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, সরকারি জায়গা দখল করে কোন স্থাপনা নির্মাণের সুযোগ নেই। খবর পেয়ে সেটি বন্ধ করে দেয়া হয়েছে।



















