শাহজাদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- আপডেট সময় : ১১:২৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৩৯৪ বার পড়া হয়েছে

শাহজাদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-২/২০২৪ মৌসুমে মাসকালাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শাহজাদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ৯৫০ জন কৃষককে ৫ কেজি মাসকালই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুরের উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব জেরিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মুশফিকুর রহমান এবং অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ জনাব শুভজিত রায়। এছাড়াও কৃষি সম্প্রসারণ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শাহজাদপুর, সিরাজগঞ্জ। এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা নতুন মৌসুমে অধিক ফলন ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিকভাবে উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জেরিন আহমেদ। তারা জানান, এই কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান করে তাদের কৃষিকাজে উৎসাহিত করা হচ্ছে। উন্নত বীজ ও সার প্রদান করা হলে ফসলের ফলন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আয়ের পথ সুগম হবে। বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় এই উদ্যোগ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, এই ধরনের উদ্যোগ কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে এবং তাদের জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অংশগ্রহণকারী কৃষকরা এই কর্মসূচির জন্য ধন্যবাদ জানান। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে, যা কৃষিক্ষেত্রে আরো বেশি উন্নয়ন ও উন্নতি নিয়ে আসবে।




















