গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৯:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মানবিক উদ্যোগ—জেলা পরিষদ প্রশাসকের আহ্বান
রাজশাহীর গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে গোদাগাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আল আমীন মল্লিক এবং নির্বাহী কর্মকর্তা কাওশার হাবিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল এবং পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা বলেন, ঈদুল আজহার আনন্দ শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে। মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়েই একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, জেলা পরিষদ সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদ উপলক্ষে এই সহায়তা হয়তো সব সমস্যা সমাধান করতে পারবে না, তবে এটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আন্তরিক প্রয়াস।
আলোচনা সভা শেষে উপজেলার ৮০ জন গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেমাই, চিনি, তেল, গুঁড়ো দুধ ও পোলাওয়ের চালসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি উপকারভোগীদের হাতে এসব উপহার তুলে দেন।



















