লালপুরে হ্যাকিং চক্রের সদস্য গ্রেপ্তার, আদালতে সোপর্দ
- আপডেট সময় : ০৭:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

লালপুরে হ্যাকিং চক্রের সদস্য গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ফেসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগ; এক আসামি আটক, আরেকজন পলাতক
নাটোরের লালপুর থানার বিশেষ অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মুনসুপ, এএসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ মেহেরাব হোসেন শাকিলের বসতবাড়ির শয়নকক্ষে অভিযান চালিয়ে হ্যাকিং ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত অবস্থায় মোঃ মিলন ওরফে রাজিব (২৭)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিলন ওরফে রাজিব গন্ডবিল গ্রামের নুখছার প্রামানিকের ছেলে। অভিযানের সময় অপর আসামি মোঃ মেহেরাব হোসেন শাকিল (২৩) কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, আসামিরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার ও ইমো আইডিতে বেআইনিভাবে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করত।
এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা নম্বর-২৬, তারিখ ২৫ এপ্রিল ২০২৬ ইং, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৬-এর ১৭(১)(ক)(খ)/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি মিলন ওরফে রাজিবকে শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং সাইবার অপরাধ দমনে অভিযান জোরদার করা হবে।




















