লালপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় কথিত মামা আটক
- আপডেট সময় : ০৪:২০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৫৩৮ বার পড়া হয়েছে

লালপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় কথিত মামা আটক
নাটোরের লালপুরে দুবাই প্রবাসীর ২৩ বছর বয়সী স্ত্রী শিউলী বেগমকে হত্যার অভিযোগে নিহতের পরকীয়া প্রেমিক কথিত মামা ৩৫ বছরের জাকির হোসেনকে আটক করেছে বাগাতিপাড়া থানা পুলিশ। শনিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া নওদাপাড়া গ্রাম থেকে তাকে আটক করে সুলে দেয় ওই গ্রামবাসী। আটককৃত জাকির হোসেন সুনামগঞ্জের দিরাই উপজেলার গচিয়া গ্রামের মোঃ বিল্লাল মিয়ার ছেলে বলে জানা গেছে। নিহত শিউলী বেগম দিনাজপুরের নবাবগঞ্জ থানা এলাকার হরিনাথপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে।
এর আগে শনিবার সকালে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের কামারহাটি তেনাচুরা গ্রামের নিজ বাড়ি থেকে দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী শিউলী বেগমের হাত মোড়ানো মৃতদেহ উদ্ধার করে লালপুর থানা পুলিশ। পুলিশের প্রাথমিক ধারনা কথিত মামা জাকির পরকীয়ার সম্পর্কে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে যায়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ জানান, তেনাচুরা গ্রামের দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী শিউলী বেগমের সাথে গত তিনদিন যাবত জাকির হেসেন মামা পরিচয়ে শিউলী বেগমের সঙ্গে একই ঘরে বসবাস করছিলো। শনিবার সকালে নিহতের দেবরের স্ত্রী নিতু খাতুন বাড়ির মূল দরজায় ডাকাডাকি করলে সেই কথিত মামা দরজা খুলে দিয়ে পালিয়ে যায়। এ সময় নিতু শিউলির কোন সাড়া শব্দ না স্থানীয়দের ডাক দিয়ে তার শোবার ঘরে গিয়ে খাটের ওপর হাত মোড়ানো উপর হয়ে শিউলীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নাটোর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এঘটনায় নিহতের ভাই রফিকুল শনিবার দুপুরে লালপুর থানায় অজ্ঞাত নামা ব্যক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে বাগাতিপাড়া উপজেলা সংলগ্ন কামারহাটি তেনাচুরা গ্রামের চাঞ্চল্যকর এই হত্যকান্ড নিয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশও মাঠে নামে। এদিন রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ত্তিতিতে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ উপজেলার মাড়িয়া নওদাপাড়া গ্রাম থেকে স্থানীয়দের সহযোগিতায় জাকির হোসেনকে গ্রেফতার করে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান গ্রেফতারের সত্যতা নিশ্চত করে জানান, গ্রেফতারকৃত জাকির হোসেনই পরকীয়া প্রেমকি কথিত মামা। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞেসাবাদে শিউলী বেগম কে হত্যার কথা স্বীকার করেছে জাকির। ওসি নান্নু খান আরও জানান, প্রায় আড়াই মাস আগে গাজীপুরের কোনাবাড়িতে তার সাথে শিউলী বেগমের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এরই মাঝে শিউলী দেড় মাসের অন্তঃসত্ত্বা হয়। একারনে শিউলী তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলো। বিয়ে না করলে তার কাছে বিশ হাজার টাকা দাবি করে। এ নিয়ে শনিবার ভোরে তাদের ঝগড়া হয় । এরই একপর্যায়ে জাকির শিউলীর গলার ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গ্রেফতারকৃত জাকির কে লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ অফিসার।




















