মোহনপুরে ধানের শীষের জোয়ার বইছে: মিলন
- আপডেট সময় : ০৪:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ২১৫ বার পড়া হয়েছে

মোহনপুরে ধানের শীষের জোয়ার বইছে: মিলন
রাজশাহী-৩ আসনে গণসংযোগ ও পথসভায় বিএনপি প্রার্থী শফিকুল হক মিলনের আশাবাদ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় এসব গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “পবা–মোহনপুরসহ সারা দেশে ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে। যত ষড়যন্ত্রই হোক না কেন, রাজশাহী বিভাগের প্রতিটি আসনেই ধানের শীষ বিজয়ী হবে।”
তিনি বলেন, বিএনপি জনগণের দল। অতীতে দলটিকে দুর্বল করার নানা চেষ্টা চালানো হলেও জনগণের সমর্থনের কারণেই তা ব্যর্থ হয়েছে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীর অধিকার ও ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে অ্যাডভোকেট মিলন বলেন, বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড চালু, কৃষিতে ভর্তুকি বৃদ্ধি, কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ এবং সেচব্যবস্থা উন্নয়নে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে। দখল ও ভরাট হয়ে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়া খালগুলো পুনঃসংস্কার ও উদ্ধার করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, মোহনপুর এলাকার রাস্তাঘাট সংস্কার ও নতুন সড়ক নির্মাণ করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। ইমাম, মোয়াজ্জিন, খাদেম, ঠাকুর ও পুরোহিতসহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের ভাতার আওতায় আনার প্রতিশ্রুতিও দেন তিনি।
বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে, কারণ সুস্থ ও সুন্দর জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই। ভবিষ্যতে প্রতিহিংসার রাজনীতি নয়, সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে প্রার্থী এলাকায় পৌঁছালে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। বিভিন্ন স্থানে নারী-পুরুষ ভোটাররা রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। দলীয় নেতাকর্মীরা জানান, অনেক ভোটার ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন সরকার, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, হাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




















