মহাসড়কে লক্কর-ঝক্কর গাড়ি চলতে পারবে না: পঞ্চগড়ে বিআরটিএ চেয়ারম্যান
- আপডেট সময় : ০৪:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ২৮০ বার পড়া হয়েছে

মহাসড়কে লক্কর-ঝক্কর গাড়ি চলতে পারবে না: পঞ্চগড়ে বিআরটিএ চেয়ারম্যান
মহাসড়কে কোনো লক্কর-ঝক্কর বা অবৈধ যানবাহন চলতে পারবে না বলে সতর্ক করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “এ ব্যাপারে আমি কঠোর অবস্থানে আছি। পুলিশ, বিআরটিএসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
শনিবার (১৯ অক্টোবর) রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ পঞ্চগড় সার্কেলের যৌথ আয়োজনে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩২টি পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান বলেন, “মহাসড়কে কোনো লক্কর-ঝক্কর গাড়ি চলবে না। এজন্য বিআরটিএ, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর একসঙ্গে কাজ করছে। সরকারি গাড়িও ছাড় পাবে না- আমি নিজে বিআরটিএর গাড়িও ডাম্প করেছি।”
তিনি আরও বলেন, “আমরা এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আছি। ২০৪০ সাল পর্যন্ত অর্থনৈতিক উড়ান (Economic Takeoff) টিকিয়ে রাখতে হলে যুব সমাজকে সুরক্ষিত রাখতে হবে। তাই সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সজাগ হতে হবে।”
বিআরটিএ চেয়ারম্যান জানান, “সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা আসলে সহানুভূতির প্রতীক। দুর্ঘটনা কমাতে সরকার ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সড়ক পরিবহন আইন-২০১৮ ও বিধিমালা-২০২২ অনুযায়ী ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিচ্ছি। বিষয়টি আরও প্রচার করা দরকার, যেন সবাই এই সহযোগিতা পেতে পারেন।”
অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী টুলু সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফরহাদ হোসেন, বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমান, এবং জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর হোসেন।
এছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন- বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক তন্ময় কুমার ধর, পঞ্চগড় বিআরটিএর মোটরযান পরিদর্শক হিমাদ্রী ঘটক, নিহত পরিবারের স্বজন, এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



















