বাগাতিপাড়ায় রাতের আঁধারে বাড়ি থেকে দুই ভাইয়ের দুটি চার্জার ভ্যান চুরি
- আপডেট সময় : ১২:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৫২৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় রাতের আঁধারে বাড়ি থেকে দুই ভাইয়ের দুটি চার্জার ভ্যান চুরি
নাটোরের বাগাতিপাড়ায় রাতের আঁধারে একই পরিবারে দুই ভাইয়ের দুটি চার্জার ভ্যান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের চকমাহাপুর এলাকায় জাহাঙ্গীর ও আকরাম এর বাড়িতে এ চার্জার ভ্যান চুরির ঘটনা ঘটে। জাহাঙ্গীর ও আকরাম ওই এলাকার রহমান আলীর দুই ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুক্তভোগীদের বড়াত দিয়ে জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে তারা দুই ভাই তাদের নিজ বাড়িতে ভ্যান তালাবন্ধ করে ঘুমাতে যান। রাত ৩ টার দিকে জাহাঙ্গীরের ঘুম ভাঙলে ঘরের বাহিরে এসে দেখেন তার বাড়ির পাট খড়ির বেড়া ভাঙা এবং ভ্যান দুটি সেখানে নেই। ভ্যানের তালা খুলে বাড়ির বেড়া ভেঙে দুই ভাইয়ের দুটি ভ্যান নিয়ে গেছে চোর।
আশরাফ আলী নামে ওই এলাকার এক শিক্ষক জানান, প্রায় দেড় বছর আগেও তাদের বাড়ি থেকে ভ্যান চুরি হয়েছিল।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারি জানান, এ বিষয়ে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



















