বাগাতিপাড়ায় প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি
- আপডেট সময় : ১২:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৯৭০ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ ফাহিমা খাতুনকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছেন ইউনিয়নের একাধিক নির্বাচিত সদস্য। এ সংক্রান্ত একটি লিখিত আবেদন সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দাখিল করা হয়েছে।
আবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে নির্বাচিত চেয়ারম্যান মোঃ মজিবর রহমান পরিষদে অনুপস্থিত থাকায় প্রশাসনিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছিল। পরে পরিষদের প্রথম সভায় গঠিত তিন সদস্যের প্যানেল চেয়ারম্যানের মধ্যে তৃতীয় ক্রমিকে থাকা ফাহিমা খাতুনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সদস্যদের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম ও তার ছেলে এস এম মশিউর রহমান মিশুর সহযোগিতায় এককভাবে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছেন। এছাড়া পরিষদের নিজস্ব তহবিল থেকে অর্থ অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
লিখিত আবেদনে আরও উল্লেখ করা হয়, পরিষদের আয়-ব্যয়ের হিসাব জানতে চাইলে তিনি জানান, জনপ্রতিনিধিদের এসব বিষয়ে কিছু বলার অধিকার নেই, হিসাব কেবল জেলা প্রশাসককে দেওয়া হবে। এতে ক্ষুব্ধ হয়ে এর আগেও সদস্যরা জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ করেছিলেন।
সদস্যরা আরও দাবি করেন, সম্প্রতি তিনি বয়স্ক, বিধবা, মাতৃত্ব ভাতা ও ভিডাবলিউ কার্ডধারীদের নিকট থেকে অবৈধ অর্থ নিচ্ছেন। এমনকি পরিষদের সভার সিদ্ধান্ত ছাড়াই বিভিন্ন বিল-ভাউচারের মাধ্যমে আয়ের অর্থ আত্মসাৎ করছেন। এতে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন এবং পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।দ
প্যানেল চেয়ারম্যানের ছেলে মশিউর রহমান মিশু অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ইউনিয়ন পরিষদের কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত নই। অভিযোগকারীরা ব্যক্তিগত সুবিধা না পাওয়ায় মিথ্যা অভিযোগ করেছেন।”
মোছাঃ ফাহিমা খাতুনও অভিযোগ নাকচ করে বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। সব প্রকল্প সদস্যদের সমন্বয় করেই বাস্তবায়ন করি।”
প্রশাসনিক কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। সরকারি নিয়ম মেনে স্বচ্ছতার ভিত্তিতে কাজ করি।”
অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। জাতীয়তাবাদী কৃষকদলের বাগাতিপাড়া ইউনিয়ন কমিটির সেক্রেটারি তৌফিকুল ইসলাম পল্লব বলেন, “ইতিপূর্বেও চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাঁর মতো অযোগ্য মানুষকে দায়িত্বে রাখা উচিত নয়।”
একই দাবি জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহতাব উদ্দিনও।
এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, “স্থানীয় সরকার আইনে অভিযোগ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। একটি তদন্ত কমিটি গঠন করা হবে, রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



















