পঞ্চগড়ে দুই অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিল জেলা প্রশাসন
- আপডেট সময় : ০৪:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৩৩৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে দুই অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিল জেলা প্রশাসন
লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পঞ্চগড়ে জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনকারী দুইটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বোদা পৌরসভার ভাসাইনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বুলডোজার ব্যবহার করে মেসার্স এম এম এল ব্রিক্স ও মেসার্স এস এ আর ব্রিক্স নামের দুইটি ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়। একই সঙ্গে ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ইটভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইটগুলোতে পানি ছিটিয়ে নষ্ট করে দেন।
বোদা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদের ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহমিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী। অভিযানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটেলিয়ন এবং জেলা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বোদা পৌরসভা এলাকায় গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ভাটাগুলো পরিচালিত হয়ে আসছিল, যা পরিবেশ দূষণের পাশাপাশি ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















