নারী নেতাকর্মী নিয়ে দাঁড়িপাল্লার পক্ষে বাগাতিপাড়ায় জামায়াতের মহিলা বিভাগের মিছিল ও পথসভা
- আপডেট সময় : ০৭:১৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৩১১ বার পড়া হয়েছে

নারী নেতাকর্মী নিয়ে দাঁড়িপাল্লার পক্ষে বাগাতিপাড়ায় জামায়াতের মহিলা বিভাগের মিছিল ও পথসভা
আসন্ন নির্বাচনে ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দাঁড়িপাল্লার পক্ষে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবীর নেতৃত্বে হাজার হাজার নারী নেতাকর্মীর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি বাগাতিপাড়া পাইলট মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালঞ্চী রেলগেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
পথসভায় উপজেলা মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য শামসুন্নাহার আয়শার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবী, নাটোর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সহধর্মিণী ফাতেমা খানম এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের নারী সমাজ এখন আর পিছিয়ে নেই। ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় নারীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীদের সচেতন অংশগ্রহণ সময়ের দাবি বলেও তাঁরা উল্লেখ করেন।
এ সময় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নিতে এবং ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য মহিলা কর্মীদের প্রতি আহ্বান জানান।
হাজার হাজার নারী কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মিছিল ও পথসভা এলাকায় ব্যাপক সাড়া ফেলে। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভোটের গুরুত্ব ও রাজনৈতিক সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।




















