নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়নপত্র দাখিল
- আপডেট সময় : ০১:১০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৩৯৪ বার পড়া হয়েছে

নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়নপত্র দাখিল
ধানের শীষ প্রতীকে নির্বাচন করে উন্নয়ন বঞ্চিত এলাকার পরিবর্তনের অঙ্গীকার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “আমরা যেমন বাংলাদেশ চাই, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। বিগত অনেক বছর ধরে দেশ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল, যার ধারাবাহিকতায় লালপুর ও বাগাতিপাড়া এলাকাতেও তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।”
তিনি আরও বলেন, ভোটারদের রায়ে নির্বাচিত হলে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সর্বোপরি বিএনপি দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে বিশ্বাসী বলেও মন্তব্য করেন তিনি।
মনোনয়নপত্র জমাদানের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু এবং বিএনপি নেতা প্রয়াত ফজলুর রহমান পটলের কনিষ্ঠ পুত্র ইফতেখার আরশাদ প্রতিকসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত নাটোর-১ আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।




















