তারেক রহমানের হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছে- বাগাতিপাড়ায় বিএনপির পথসভায় পুতুল
- আপডেট সময় : ০২:৩৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৩৯০ বার পড়া হয়েছে

তারেক রহমানের হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছে- বাগাতিপাড়ায় বিএনপির পথসভায় পুতুল
নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল বলেছেন, “বিপ্লব ও সংহতি দিবসের মধ্য দিয়ে ৭৫ সালের পর বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একইভাবে আজ তারই সন্তান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন যাত্রা শুরু হয়েছে।”
শনিবার (৮ নভেম্বর) বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া রেলগেট এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত র্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
পুতুল বলেন, “বিএনপি একটি সুশৃঙ্খল দল। আমরা যত বেশি শৃঙ্খলাবদ্ধ ও ঐক্যবদ্ধ থাকব, গণতন্ত্রের পথ ততটাই সুগম হবে। নির্বাচন সামনে রেখে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “দল আমাকে সম্মান দেখিয়ে ধানের শীষ প্রতীক আমার হাতে তুলে দিয়েছে। এখন এই সম্মানের প্রতিদান আমাদের দিতে হবে। আপনারা জানেন, দেশের তিনশ আসনে হাজারের অধিক নেতা মনোনয়নের প্রত্যাশা করেছিলেন, কিন্তু দল কেবল তিনশ জনকেই সুযোগ দিতে পেরেছে। যাঁরা মনোনয়ন পাননি, তাঁরা অযোগ্য নন-তাঁরা দলের সম্পদ।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা।



















