ঠাকুরগাঁওয়ে চাকরি নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও নিষিদ্ধ ডিভাইসসহ দুইজন আটক, কারাদণ্ড
- আপডেট সময় : ০২:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৪৫৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে চাকরি নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও নিষিদ্ধ ডিভাইসসহ দুইজন আটক, কারাদণ্ড
রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদের পরীক্ষায় অনিয়ম; ভ্রাম্যমাণ আদালতে শাস্তি
ঠাকুরগাঁওয়ে রাজস্ব প্রশাসনের অধীনে অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একজন অন্যের হয়ে প্রক্সি দিতে গিয়ে এবং অপরজন নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করার সময় আটক হন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার আনসারুল ইসলামের ছেলে আসাদ আলী (২৫) এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মাইজ উদ্দিনের ছেলে নুর আলম (৩৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে নুর আলমকে অন্য এক পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে গিয়ে হাতেনাতে আটক করা হয়। অপরদিকে আসাদ আলীকে নিষিদ্ধ হেয়ার ইলেকট্রনিক ডিভাইসসহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সন্দেহজনকভাবে ধরা হয়।
জানা গেছে, এদিন জেলার বিভিন্ন কেন্দ্রে রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষায় প্রায় সাড়ে চার হাজার পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষাটি ৭০ নম্বরের লিখিত প্রশ্নপত্রের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক। তিনি জানান, প্রক্সি দেওয়ার অভিযোগে নুর আলমকে ১৫ দিনের এবং নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস বহনের দায়ে আসাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
























