লালপুরে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

লালপুরে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার
নাটোরের লালপুরে পৃথক অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এস এম নাদিম মোস্তফা ও শিশির নামে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার সাইপাড়া গ্রামে নাদিম মোস্তফাকে এবং রাত ১টার দিকে শিশিরকে একই উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এস এম নাদিম মোস্তফা উপজেলায় সাইপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং সে অর্থঋণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি। শিশির বৈদ্যনাথপুর গ্রামের শামীম আহম্মেদের ছেলে এবং সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গ্রপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. রুস্তম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে উপজেলার সাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে অর্থঋণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি এস এম নাদিম মোস্তফাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। অপরদিকে, একই রাতে রাত ১টার দিকে লালপুর থানার এএসআই মো. আনছার আলী উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. শিশিরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
ওসি আরও জানান, নাদিম মোস্তফার বিরুদ্ধে নাটোরের যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সাত লাখ টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেছিলেন। এবং শিশিরের বিরুদ্ধে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছিলেন।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে সোমবার (১৩ জুলাই) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।



















