আর্থিক সহায়তা পেয়ে র্যাব-৫ কে কৃজ্ঞতা জানালেন ‘অন্তরা’
- আপডেট সময় : ০৪:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২ ১৭৫ বার পড়া হয়েছে

আর্থিক সহায়তা পেয়ে র্যাব-৫ কে কৃজ্ঞতা জানালেন ‘অন্তরা’
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
আর্থিক সহায়তা পেয়ে র্যাব-৫ কে কৃজ্ঞতা জানালেন ‘অন্তরা’। দু’বছর বয়সেই বাবাকে হারিয়েছেন অন্তরা খাতুন। গৃহকর্মীর কাজ করে মেধাবী অন্তরাকে পড়াশোনা করাচ্ছেন মা রসুনারা বিবি। অন্তরাও মায়ের কষ্টের প্রতিদান দিয়েছেন। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সব পরীক্ষায় রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। অন্তরা এবার ভর্তির সুযোগ পেয়েছেন মেডিকেল কলেজেও। কিন্তু ভর্তির টাকা নেই বলে দুশ্চিন্তার শেষ ছিল না মা-মেয়ের।
বিষয়টি জানতে পেরে অন্তরার পাশে দাঁড়িয়েছে এলিট ফোর্স র্যাব।
রোববার (১০ এপ্রিল) দুপুরে র্যাব-৫ এর অধিনায়কের পক্ষ থেকে অন্তরার বাড়িতে যান ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান। তিনি অন্তরা, তার মা ও নির্মাণ শ্রমিক ভাইয়ের হাতে তুলে দেন ভর্তির যাবতীয় খরচের টাকা।
অন্তরার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার চন্ডীপুর গ্রামে। অন্তরা ২০২১-২২ শিক্ষাবর্ষে এমএজি ওসমানী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন। অন্তরা এতদিন গ্রামের স্কুল-কলেজেই পড়াশোনা করেছেন। ভর্তির টাকা নিশ্চিত হওয়ায় অদম্য এই মেধাবী এবার যাবেন গ্রামের বাইরে।
র্যাবের আর্থিক সহযোগিতা পাবার পর অন্তরা বলেন, আর্থিক অনটনের মধ্যেও নিজের ইচ্ছাশক্তি আর সবার দোয়ায় এ পর্যায়ে পোঁছাতে পেরেছি। কিন্তু আমার পরিবারের পক্ষে মেডিকেলে ভর্তির টাকা জোগাড় করা কষ্টকর হচ্ছিল। বিষয়টি জানার পর র্যাব-৫ আমাকে ভর্তির টাকা দিয়ে সহযোগিতা করায় আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ। এ সহায়তা সব সময় মনে থাকবে।



















