সিংড়ায় ভিজিডি চাল বিক্রির প্রমাণ: প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
- আপডেট সময় : ১০:৫৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে

সিংড়ায় ভিজিডি চাল বিক্রির প্রমাণ: প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
২৪৭ হতদরিদ্রের ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগ, তদন্তে অনিয়ম প্রমাণিত
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেনের বিরুদ্ধে ভিজিডি চাল বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। স্থানীয় সরকার বিভাগের তদন্তে গুরুতর অনিয়মের প্রমাণ মেলায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২০ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক তাহেরা হালিম হাজারীকা স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ভিজিডি কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা-২০১১ অনুযায়ী দায়িত্বে থেকে চাল আত্মসাৎ ও বিক্রির মতো গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
জেলা প্রশাসক আসমা শাহীন জানান, ২৪৭ জন হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত ৭.৪১০ মেট্রিক টন চাল বিক্রির প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত শেষে নিশ্চিত হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




















