রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ০৭:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে

রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
দোয়া ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন ইউএনওসহ শিক্ষক-শিক্ষার্থীরা
নওগাঁর রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার শিক্ষার্থীদের আয়োজনে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন এবং সাবেক অভিভাবক সদস্য মোস্তফা ইবনে আব্বাস।
এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাজিয়া খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বক্তারা বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। একাগ্রতা, আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ভালো ফল অর্জন করতে সক্ষম হবে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মোট ১২৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
শেষে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



















