রাজশাহী বিভাগের সব আসনেই বিএনপি বিজয়ী হবে: মিনু
- আপডেট সময় : ০২:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৩১৮ বার পড়া হয়েছে

রাজশাহী বিভাগের সব আসনেই বিএনপি বিজয়ী হবে: মিনু
দোয়া মাহফিলে বক্তব্যে অতীত নির্বাচনের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন রাজশাহী-২ আসনের বিএনপি প্রার্থী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের সবকটিতেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মিজানুর রহমান মিনু বলেন, ‘আমি আপনাদের বড় ভাই। অভিজ্ঞতা থেকে বলতে পারি—ইনশাআল্লাহ, আগামী দিনের সিঁড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে বর্তমান মাননীয় চেয়ারম্যান তখন দলীয় দায়িত্ব দেখতেন। ১৯৯৬ সালে বগুড়ায় স্যারকে সামনে রেখে রাজশাহী বিভাগে ৩৯টির মধ্যে নওগাঁর জলিল সাহেব বাদে প্রায় সব আসন আমাদের ছিল। আর ২০০১ সালের নির্বাচনে নাসিম সাহেবকে বাদ দিয়ে ৩৮টি আসন আমরা পেয়েছিলাম।’
রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিনু আরও বলেন, ‘আমাদের মা আজ আমাদের মাঝে নেই। তাঁর হাসিমুখকে সামনে রেখে আমরা শপথ করছি—ইনশাআল্লাহ এই বিভাগে ৩৯টি আসনের সবকটিতেই আমাদের প্রার্থীরা বিজয়ী হবে। আমি কোনো অনুমানের কথা বলছি না, আমি বলছি অভিজ্ঞতার কথা। কারণ, গত ১৭ বছর আমরা প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করেছি।’
রাজশাহী জেলা বিএনপি আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের প্রার্থী আবু সাঈদ চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল।
এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী জেলার বিভিন্ন আসনের বিএনপির প্রার্থীরা, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।



















