মাধবদীতে ছোট ভাইদের আ’ঘাতে মাদকাসক্ত বড় ভাইয়ের মৃ’ত্যু
- আপডেট সময় : ০২:২৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৩২৩ বার পড়া হয়েছে

মাধবদীতে ছোট ভাইদের আ’ঘাতে মাদকাসক্ত বড় ভাইয়ের মৃ’ত্যু
মাদক ছাড়াতে পারিবারিক কলহের জেরে প্রাণ গেল চার কন্যার জনক রমজান আলীর
নরসিংদীর মাধবদীতে মাদক থেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে গিয়ে ছোট দুই ভাইয়ের করা আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রমজান আলী (৩৬) পুরানচর গ্রামের মুসা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলীকে মাদক পরিহারে দীর্ঘদিন ধরে পরিবার থেকে বাধা দেওয়া হচ্ছিল। তবে এতে কোনো পরিবর্তন না হওয়ায় রবিবার রাতে ঘরের ভেতরে এ নিয়ে তার ছোট দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে হাতাহাতির সময় ছোট ভাইদের আঘাতে গুরুতর আহত হন রমজান আলী।
পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রাবেয়া বেগম জানান, রমজান আলী চার কন্যা সন্তানের জনক। তার ছোট মেয়ের বয়স মাত্র এক বছর। তিনি স্বামীর মৃত্যুর জন্য দেবরদের দায়ী করে সুষ্ঠু বিচারের দাবি জানান।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মাদকাসক্তির বিষয়টি নিয়ে পারিবারিক কলহের জেরে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ ও তদন্ত শেষে বিস্তারিত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















