পঞ্চগড়ের শেষ প্রান্তে ব্যারেজ নির্মাণের পরিকল্পনা, উপকৃত হবেন কয়েক এলাকার কৃষক
- আপডেট সময় : ০৯:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের শেষ প্রান্তে ব্যারেজ নির্মাণের পরিকল্পনা, উপকৃত হবেন কয়েক এলাকার কৃষক
তেলীপাড়া সেচ প্রকল্পে প্রায় ৭ হাজার কৃষক সুবিধা পাবেন, বিঘাপ্রতি সেচ খরচ কমার আশা প্রতিমন্ত্রীর
কৃষকদের সেচ সুবিধা বাড়াতে পঞ্চগড় জেলার শেষ প্রান্তে ড্যাম, ব্যারেজ বা সুইচগেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে দেবীগঞ্জসহ আশপাশের কয়েকটি এলাকার কৃষিজমিতে সেচের পানির সংকট কমবে এবং ফসলের উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দারারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউস পুনর্বাসন কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
প্রতিমন্ত্রী বলেন, তেলীপাড়ায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় হালকা সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার প্রায় সাত হাজার কৃষক সেচ সুবিধা পাবেন। এর মাধ্যমে প্রায় ৫০ হাজার মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, আগে এক বিঘা জমিতে সেচ দিতে কৃষকদের তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ হতো। নতুন প্রকল্পের মাধ্যমে এ খরচ প্রায় অর্ধেকে নেমে দেড় হাজার টাকায় আসবে। ভবিষ্যতে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা গেলে সেচ খরচ এক হাজার টাকারও নিচে নামিয়ে আনা সম্ভব হবে। এতে কৃষকদের উৎপাদন খরচ কমবে।
এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, স্বাধীনতার ৫৪ বছরেও এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক পাকা হয়নি, সংস্কারও করা হয়নি। বর্তমান সরকার ইতোমধ্যে সড়কটির পাকাকরণের কাজ শুরু করেছে। পাশাপাশি সড়কটি সুন্দরদীঘি সেচমাথা পর্যন্ত সম্প্রসারণ ও বিদ্যুতায়নের পরিকল্পনা রয়েছে।
পঞ্চগড়ের শেষ প্রান্তে ড্যাম, ব্যারেজ বা সুইচগেট নির্মাণের পরিকল্পনা তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, এটি বাস্তবায়িত হলে সুন্দরদীঘি, দণ্ডপাল, চেংঠী, পামুলী, দেবীডুবা, দেবনগর ও সোনাহার এলাকার কৃষকেরা উপকৃত হবেন। বিশেষ করে সেচের পানির সংকট অনেকটাই দূর হবে।
তিনি আরও বলেন, পানির অভাবে যেসব জমিতে বর্তমানে ১০ থেকে ১২ মণ ধান উৎপাদিত হয়, সেখানে নিয়মিত সেচ সুবিধা নিশ্চিত করা গেলে ২৫ থেকে ৩০ মণ পর্যন্ত ধান উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি রবি শস্যের আবাদও বাড়বে।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার ও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনবান্ধব সরকার। জনকল্যাণমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের পানিসংকট বিবেচনায় নিয়েই ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি ও জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে।
এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





















