রাণীশংকৈলে বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
- আপডেট সময় : ০৯:০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
খুচরা সার বিক্রেতার নাম ডিলার তালিকায়, তদন্তের দাবি; অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে খুচরা সার বিক্রির সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় এক নারী। এ ঘটনায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেছেন সাদিয়া নাসরিন। তিনি উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা রাসেদুল ইসলামের মেয়ে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, বর্তমান সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর রাণীশংকৈল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আবেদন গ্রহণ করা হয়। পরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং অতিরিক্ত দায়িত্বে থাকা পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের স্বাক্ষরে প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে আবেদনকারীর নামের তালিকা জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির কাছে পাঠানো হয়।
ওই তালিকায় নন্দুয়ার ইউনিয়নের গাজীর হাট এলাকার হাসমত আলীর ছেলে এবং মেসার্স রনি ট্রেডার্সের স্বত্বাধিকারী রকিবুল ইসলাম রনির নাম রয়েছে। অভিযোগকারীর দাবি, রকিবুল ইসলাম আগে থেকেই উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত খুচরা সার বিক্রেতা। অথচ জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত ডিলার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনকারী কিংবা তার পরিবারের কোনো সদস্য খুচরা সার বিক্রেতা হলে তিনি ডিলারশিপ পাওয়ার যোগ্য হবেন না। এ অবস্থায় সংশ্লিষ্ট শর্তের সঙ্গে রকিবুল ইসলামের যোগ্যতা কীভাবে সামঞ্জস্যপূর্ণ হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাদিয়া নাসরিন।
এদিকে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে, রকিবুল ইসলামের মামাতো ভাই এবং রাষ্ট্রপতির একান্ত সচিব আবু আউয়ালের প্রভাব বা হস্তক্ষেপে তিনি ডিলারশিপ পেয়েছেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে আবু আউয়ালের সরকারি মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
অভিযোগকারী সাদিয়া নাসরিন বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি ন্যায়বিচার প্রত্যাশা করেন। নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা উপেক্ষা করে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হলে সাধারণ আবেদনকারীদের প্রতি বৈষম্য করা হয়। তিনি পুরো নিয়োগ প্রক্রিয়া তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সরেজমিনে নন্দুয়ার ইউনিয়নের গাজীর হাট বাজারে রনি ট্রেডার্সে খুচরা সার বিক্রি করতে দেখা যায়। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার আল মামুন দোকানে সার ছাড়াও ফিড, সিমেন্টসহ বিভিন্ন পণ্য বিক্রির কথা জানান। পাশের একটি গুদাম দেখিয়ে তিনি বলেন, সেখানে আপাতত সিমেন্ট ও ফিড রাখা আছে। এগুলো সরিয়ে সেখানে সার রাখা হতে পারে। তবে তাদের অন্য কোনো গুদাম নেই বলেও জানান তিনি।
এ বিষয়ে রকিবুল ইসলাম রনির সঙ্গে মুঠোফোনে কথা হলে প্রথমে তিনি খুচরা সার বিক্রির বিষয়টি অস্বীকার করেন। পরে দোকানে খুচরা সার বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এলাকার বিসিআইসি সার ডিলার মন্ডল এন্টারপ্রাইজের কাছ থেকে সার নিয়ে তিনি বিক্রি করেন।
তবে উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমানের স্বাক্ষরিত খুচরা সার বিক্রেতাদের তালিকায় রকিবুল ইসলামের নাম পাওয়া গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বলেন, তিনি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব হলেও ডিলার নিয়োগের তালিকা চূড়ান্ত করার আগে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। কমিটির সভাপতি ইউএনও গোলাম রব্বানী সরদার নিজের সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম পরিচালনা করেছেন। এ কারণে নিয়োগ প্রক্রিয়া নিয়ে তার কোনো বক্তব্য নেই।
অভিযোগের বিষয়ে জানতে রাণীশংকৈল উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
অন্যদিকে ঠাকুরগাঁও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগকারী ও স্থানীয়দের দাবি, সার ডিলার নিয়োগে নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।





















