পুঠিয়ায় নিখোঁজ স্কুলছাত্রীকে সাতক্ষীরা থেকে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

পুঠিয়ায় নিখোঁজ স্কুলছাত্রীকে সাতক্ষীরা থেকে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার
এক বছরের বেশি সময় পর মেয়েকে ফিরে পেলেন বাবা; অপহরণের অভিযোগে ২৪ বছর বয়সী যুবক গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়ায় এক বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা অপহৃত এক স্কুলছাত্রীকে (১৬) সাতক্ষীরা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রধান এজাহারনামীয় আসামি মো. হৃদয়কে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হৃদয় পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। দীর্ঘ প্রতীক্ষার পর মেয়েকে জীবিত ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তার বাবা। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতেন হৃদয়। এতে রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি দেখানো হতো বলে অভিযোগ রয়েছে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে একটি মাইক্রোবাসে করে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরদিন ভুক্তভোগীর বাবা মিজানুর রহমান বাদী হয়ে পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার পর থেকেই ওই স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। দীর্ঘ অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বুধবার (১১ নভেম্বর) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বুধেরহাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলামের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল ও এসআই সোহেল সুমনসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় মামলার প্রধান আসামি হৃদয়কে গ্রেপ্তার এবং তার হেফাজত থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। অভিযানের সময় মামলার সহযোগী আসামি মো. শরিফুল ইসলামও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
মেয়েকে উদ্ধারের বিষয়ে তার বাবা ও মামলার বাদী মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে মেয়েকে উদ্ধারের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন। পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন এবং সার্কেল এএসপির সঙ্গেও যোগাযোগ করেছেন। পরে সাংবাদিকদের সহযোগিতায় মানববন্ধন করেন এবং বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি তুলে ধরেন। তার অভিযোগ, দীর্ঘ সময়েও মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং প্রশাসনের কিছু ব্যক্তির দায়িত্বে অবহেলা ছিল।
তিনি আরও বলেন, অবশেষে ১১ নভেম্বর সাতক্ষীরার আশাশুনি থানার বুধেরহাট এলাকার একটি নির্জন বাড়িতে মেয়ের সন্ধান পান। পরে পুঠিয়া থানার ওসি ও সার্কেল এএসপির নির্দেশনায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে হৃদয়কে আটক করে। দীর্ঘ প্রতীক্ষার পর মেয়েকে জীবিত ফিরে পাওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।
মিজানুর রহমান বলেন, যারা তার মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার চান তিনি। বর্তমানে তার মেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রয়েছে। আদালতের মাধ্যমে মেয়েকে নিজের জিম্মায় ফিরে পাওয়ার আশা করছেন তিনি। মেয়ের বক্তব্য অনুযায়ী, তাকে জোরপূর্বক তুলে নিয়ে সাতক্ষীরার বুধহাটা ইউনিয়নে আটকে রাখা হয়েছিল।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। ভুক্তভোগীকে উদ্ধারে পুলিশের একাধিক দল বিভিন্ন কৌশলে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েছে। অবশেষে সাতক্ষীরা থেকে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার এবং ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ওসি আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুঠিয়া থানা পুলিশের অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।





















