বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই বন্ধুর মৃত্যু, আহত এক
- আপডেট সময় : ০৭:৩৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই বন্ধুর মৃত্যু, আহত এক
প্রাইভেট পড়ে এক বন্ধুর বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা, গুরুতর আহত আরেক বন্ধু
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট পড়ে এক বন্ধুর বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তাদের সঙ্গে থাকা আরেক বন্ধু। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলো সায়মন ইসলাম সাদিক (১৬) ও রেদওয়ানুল হোসেন রাহাত (১৮)। আহত হয়েছে ফজলে রাব্বি শাহ (১৭)। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছু ফাজিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী এবং বন্ধু।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়া শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বন্ধুর বাড়ির উদ্দেশে যাচ্ছিল। পথে শাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়মন ইসলাম সাদিক ও রেদওয়ানুল হোসেন রাহাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফজলে রাব্বি শাহকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহত সায়মন ইসলাম সাদিক সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রেদওয়ানুল হোসেন রাহাত ফুলবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহত ফজলে রাব্বি শাহ চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আবু শাহর ছেলে।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদমান সাকিব জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুই বন্ধুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্বজনদের মধ্যে শোক ও আহাজারি চলছে।





















