টেকনাফ-উখিয়ায় বিজিবির অভিযানে প্রায় ১০ লাখ ইয়াবাসহ আটক ২
- আপডেট সময় : ০৯:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

টেকনাফ-উখিয়ায় বিজিবির অভিযানে প্রায় ১০ লাখ ইয়াবাসহ আটক ২
হ্নীলায় পরিত্যক্ত ১০ বস্তা থেকে ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার; পৃথক অভিযানে আরও দুই চালান জব্দ
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা। অভিযানে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির একটি অভিযানিক দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। নৌকা থেকে আনুমানিক ৭-৮ জন মাদককারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাশের কেওড়াবনের ভেতরে অবস্থান নেয়।
এ সময় বিজিবির আরেকটি টহল দল স্পিডবোট নিয়ে কেওড়াবনের দিকে এগিয়ে গেলে মাদককারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বলে দাবি করেছে বিজিবি। জবাবে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদককারবারিরা বস্তাগুলো পানিতে ভাসমান অবস্থায় রেখে নৌকাযোগে মিয়ানমারে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
এ ছাড়া একই দিন রাত ১১টা ৩০ মিনিটে পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকা থেকে মো. রমজান আলী (১৮) নামের এক ব্যক্তিকে ১ লাখ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই দিন রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে মো. হোসাইন (২০) নামের আরেক ব্যক্তিকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করে বিজিবি।
বিজিবি জানায়, মাদকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশপ্রেম, পেশাদারত্ব, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে মাদক চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবির অধিনায়ক টেকনাফ ও উখিয়া এলাকার মাদক চোরাচালানিদের অবস্থান ও তাদের কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান। তথ্য পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





















