লালপুরে সাপের কামড়ের কথা বলে হাসপাতালে, পরে মৃত্যু; শরীরে মেলেনি কামড়ের চিহ্ন
- আপডেট সময় : ০৮:২০:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

লালপুরে রহস্যজনক মৃত্যু, শরীরে মেলেনি সাপের কামড়ের চিহ্ন
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে সেলিম (৪১) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি সাপের কামড়ের শিকার হয়েছেন বলে জানানোর পর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তার শরীরে সাপের কামড়ের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার এবি ইউনিয়নের আঙারিপাড়া তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম কুঁজিপুকুর জোনাকিপাড়া এলাকার মাহাবুবের ছেলে।
সাপের কামড়ের কথা জানিয়ে বাড়িতে যান সেলিম
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে সেলিম আঙারিপাড়া তেঁতুলতলা এলাকায় জহিরের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। এ সময় তিনি জানান, তাকে সাপে কামড় দিয়েছে।
পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোরে পাঠানো
চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, সেলিমের শরীরে সাপের কামড়ের কোনো দৃশ্যমান চিহ্ন বা আলামত পাওয়া যায়নি। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোরের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ- পুলিশ
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



















