মান্দায় প্রমীলা প্রীতি ফুটবলে নওগাঁর দাপুটে জয়
- আপডেট সময় : ০৯:৩৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

মান্দায় প্রমীলা প্রীতি ফুটবলে নওগাঁর দাপুটে জয়
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় বড়পই জাগরণী ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচে গাইবান্ধা ফুটবল একাদশকে ৪-১ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে নওগাঁ ফুটবল একাদশ।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বড়পই জাগরণী ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে উভয় দল একটি করে গোল করায় ১-১ সমতায় বিরতিতে যায়। নওগাঁর হয়ে অনিতা বাস্কে এবং গাইবান্ধার হয়ে জ্যোতি গোল করেন।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় নওগাঁ একাদশ। দ্বিতীয়ার্ধে ধারাবাহিক আক্রমণে অনিতা বাস্কে আরও একটি গোল করেন। পরে রোজিনা ও তাবাসুম একটি করে গোল করলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় নওগাঁ।
নওগাঁর হয়ে অনিতা বাস্কে দুটি এবং রোজিনা ও তাবাসুম একটি করে গোল করেন। গাইবান্ধার একমাত্র গোলটি করেন জ্যোতি।
ম্যাচের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বড়পই জাগরণী ক্লাবের সভাপতি দেওয়ান আব্দুল মালেক, সাধারণ সম্পাদক খোকন আলী মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। আয়োজকরা জানান, নারী ফুটবলকে আরও জনপ্রিয় করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।









