গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল পরিদর্শনে এমপি অধ্যাপক মুজিবুর রহমান
- আপডেট সময় : ০১:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬৮ বার পড়া হয়েছে

গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল পরিদর্শনে এমপি অধ্যাপক মুজিবুর রহমান
চিকিৎসকদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা-র ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে বরণ করেন।
পরিদর্শনকালে এমপি অধ্যাপক মুজিবুর রহমান হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। তিনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং চিকিৎসাসেবার মান আরও বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, রাজশাহী জেলা সিভিল সার্জন অফিসার এম.এস. রাজিউল করিম এবং গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতবিনিময় সভায় এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, চিকিৎসকদের রোগীদের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, “রোগীরা হাসপাতালে আসে সুস্থতার আশায়। তাই তাদের সঙ্গে মানবিক আচরণ করা, মনোযোগ দিয়ে চিকিৎসাসেবা প্রদান করা এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে পাশে থাকা চিকিৎসকদের নৈতিক দায়িত্ব।”
তিনি চিকিৎসকদের পেশাগত নিষ্ঠা ও সেবামূলক মানসিকতা নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।



















