রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র
- আপডেট সময় : ১০:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র
শিম্বা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচে ২–২ গোলে সমতায় ফাতেমা ট্রেডার্স ও থাই গ্লাস ইদ্রি স্ট্যাটাস একাদশ
মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে উৎসবমুখর পরিবেশে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। শিম্বা একতা সংসদের আয়োজনে বুধবার বিকেলে উপজেলার শিম্বা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আল ফারুক জেমসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. এছাহক আলী। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোসারব হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য শুকুর আলী মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথি আলহাজ মো. এছাহক আলী বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি করার সুযোগ সৃষ্টি হয়। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে। তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ফাতেমা ট্রেডার্স ও থাই গ্লাস ইদ্রি স্ট্যাটাস একাদশ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে উভয় দল। শেষ পর্যন্ত ২–২ গোলে ড্রয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সূচনা হয়।
খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক মাঠে উপস্থিত হন। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও দর্শকদের ব্যাপক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।






















