রাজশাহীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা সফল করতে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০২:৪৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩১৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা সফল করতে সংবাদ সম্মেলন
৫ ফেব্রুয়ারি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভা, প্রস্তুতি শেষ পর্যায়ে
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আগামী ৫ ফেব্রুয়ারি ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভাকে সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন জোটের মহানগর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা জানান, জনসভার সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মঞ্চ নির্মাণ, সাজসজ্জা ও প্রচার-প্রচারণাসহ সকল কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। বুধবারের মধ্যেই সব ধরনের কারিগরি ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, জনসভাকে ঘিরে রাজশাহী মহানগরীসহ আশপাশের জেলাগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবারের জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদের রেকর্ডসংখ্যক উপস্থিতি থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ১১ দলীয় জোটের নীতি ও আদর্শের প্রতি মানুষের আস্থার প্রতিফলন ঘটাবে বলেও মন্তব্য করেন তারা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জনসভাকে সফল করতে ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে জোটের পক্ষ থেকে একটি বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে। একটি উৎসবমুখর ও শৃঙ্খলাপূর্ণ জনসভা উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান নেতারা। এ ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। পাশাপাশি সঠিক তথ্য প্রচারের মাধ্যমে জনসভা সফল করতে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি সমাজ উদ্দিন মণ্ডল, এনপিপির মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী, সদস্য সচিব আতিকুর রহমানসহ ১১ দলীয় জোটের মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।























