বাগাতিপাড়ায় ৬৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লালন গ্রেফতার
- আপডেট সময় : ০৫:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৬৯৯ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ৬৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লালন গ্রেফতার
র্যাবের অভিযানে মালঞ্চি এলাকা থেকে আটক, থানায় হস্তান্তর
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ৬৯ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসাদুজ্জামান লালন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে বাগাতিপাড়া পৌরসভার মালঞ্চি (পেড়াবাড়িয়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসাদুজ্জামান লালন একই এলাকার মো. মজিবর রহমানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প জানতে পারে যে আসাদুজ্জামান লালন ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে মজুত রেখে মালঞ্চি রেলগেটের পূর্ব পার পেড়াবাড়িয়া এলাকায় ঘোরাফেরা করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৬৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর র্যাবের পক্ষ থেকে বাগাতিপাড়া মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, আসাদুজ্জামান লালন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান লালনের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করে আগামীকাল শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।























