মোহনপুরে কৃষক জোবায়ের হ’ত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি
- আপডেট সময় : ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৪৫৭ বার পড়া হয়েছে

মোহনপুরে কৃষক জোবায়ের হ’ত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি
হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, প্রশাসনের আশ্বাস
রাজশাহীর মোহনপুরে অবৈধভাবে পুকুর খননে বাধা দেওয়ায় এক্সকাভেটরের নিচে ফেলে কৃষক আহমেদ জোবায়েরকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মোহনপুর উপজেলা নাগরিক কল্যাণ কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সকাল থেকেই মোহনপুর উপজেলা চত্বরে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, নিহত কৃষক জোবায়েরের হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও মানবতাবিরোধী। দ্রুত প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে জনমনে ক্ষোভ আরও বাড়বে। এ জন্য প্রশাসনের প্রতি অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
পরে বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে ১২১ জন কৃষকের স্বাক্ষর রয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কৃষিকাজই তাদের একমাত্র উপার্জনের উৎস। কিন্তু এক শ্রেণির ভূমিদস্যু দীর্ঘদিন ধরে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন করে পরিবেশ ধ্বংস করছে।
স্মারকলিপিতে বলা হয়, গত ১৭ ডিসেম্বর রাতে প্রশাসনের অনুমতি ছাড়াই মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে জোরপূর্বক পুকুর খনন করতে যায় কয়েকজন ভূমিদস্যু। স্থানীয়রা বাধা দিলে তাদের নির্দেশে এক্সকাভেটর চালক আবদুল হামিদ জমির মালিকের ছেলে আহমেদ জোবায়েরকে এক্সকাভেটরের বাকেট দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেন। পরে এক্সকাভেটরের চাকায় পিষ্ট করে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হলেও প্রকৃত আসামিদের গ্রেপ্তারে দৃশ্যমান তৎপরতা না থাকায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এতে অবিলম্বে সকল হত্যাকারীকে গ্রেপ্তার, এক্সকাভেটর চালককে রিমান্ডে আনা, মোহনপুরে কৃষিজমিতে অবৈধ পুকুর খনন বন্ধ এবং নিহত জোবায়েরের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণ করে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, প্রশাসন অবৈধ পুকুর খননসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তিনি ঘটনার স্থান পরিদর্শন করেছেন এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, এক্সকাভেটর চালক আবদুল হামিদকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






















