পুঠিয়ায় এক মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী সামিহা, ভুক্তভোগী পরিবারের মানববন্ধন
- আপডেট সময় : ০২:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে

পুঠিয়ায় এক মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী সামিহা, ভুক্তভোগী পরিবারের মানববন্ধন
৩০ দিনেও থানার কোনো অগ্রগতি নেই—অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ; দ্রুত উদ্ধারের দাবি এলাকাবাসীর
রাজশাহীর পুঠিয়া উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী সামিহাকে অপহরণের ৩০ দিন পার হলেও এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ—এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ছয়জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকেই আটক করা হয়নি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহী–ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধন করে সামিহার পরিবার ও এলাকাবাসী। প্রায় এক ঘণ্টার এ কর্মসূচিতে অপহৃত ছাত্রীকে দ্রুত উদ্ধারের জোর দাবি জানানো হয়।
ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, তার মেয়ে পুঠিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গত ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে প্রাইভেট পড়তে বের হলে হৃদয় নামের এক যুবক ও তার সহযোগীরা জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
তিনি অভিযোগ করেন, “প্রধান আসামি হৃদয় দীর্ঘদিন ধরে মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে হয়রানি করছিল। রাজি না হওয়ায় তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়। মামলা করার পরও পুলিশ এখনো কাউকে আটক করেনি। আমি নিজ উদ্যোগে আসামিদের অবস্থান জানিয়েছি, তবুও গড়িমসি করেছে। ৩০ দিন হলো মেয়ের কোনো খোঁজ নেই—আমরা হতাশ ও ভেঙে পড়েছি।”
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। মানববন্ধনে বক্তারা বলেন, একটি কিশোরীকে অপহরণের পর এতদিনেও উদ্ধার করতে না পারা পুলিশের চরম ব্যর্থতা। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও সামিহাকে সুস্থভাবে ফিরিয়ে আনার দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মতিউর রহমান মিজান, আব্দুর জব্বার চান্দু, নাজমুল হোসেন মুক্তা, জিয়া পরিষদের আহ্বায়কসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিকরা।




















