গোদাগাড়ীতে পদ্মা নদীর ধারে গ্যাসের সন্ধান, আগুন জ্বলছে বালুর ওপর!
- আপডেট সময় : ০৪:৪১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ২৭১ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে পদ্মা নদীর ধারে গ্যাসের সন্ধান, আগুন জ্বলছে বালুর ওপর!
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় পদ্মা নদীর ধারে গ্যাসের মতো বুদ্বুদ ও আগুন জ্বলতে দেখা গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল থেকে ওই এলাকায় নদীর পানি ও বালুর নিচ থেকে বুদ্বুদ উঠতে দেখা যায়। কেউ একজন দিয়াশলাইয়ের আগুন ধরালে সঙ্গে সঙ্গে বালুর ওপরে আগুন জ্বলে ওঠে। বিষয়টি জানাজানি হলে রাতভর ভিড় করেন উৎসুক মানুষজন।
বুধবার (২৯ অক্টোবর) সকালেও আশপাশের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ ও শিশুরা ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়দের ধারণা, বুদ্বুদগুলো গ্যাসের উৎস থেকে বের হচ্ছে।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পাঠান। গোদাগাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন বলেন, “নদীর পাড়ে অসংখ্য বুদ্বুদ উঠছে। আগুন ধরালে জ্বলে উঠছে। এটি গ্যাসের কারণে হচ্ছে কি না, নিশ্চিত নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
স্থানীয় বাসিন্দা শিহাব বলেন, “কয়েকদিন আগে এ জায়গায় নৌকাডুবিতে তিনজন মারা যান। তখন ফায়ার সার্ভিসের ডুবুরি দল বলেছিল, পানিতে নামলেই তাদের মনে হচ্ছে ওপরের দিকে উঠছে-সম্ভবত গ্যাসের চাপেই এমন হচ্ছিল।”
আরেক বাসিন্দা পিয়াস উদ্দিন বলেন, “নদীর পানি কমে যাওয়ার পর থেকেই বুদ্বুদ দেখা যাচ্ছে। গতকাল থেকেই লোকজন আগুন জ্বালিয়ে পরীক্ষা করে দেখছেন-সত্যিই আগুন জ্বলছে।”
ইউএনও ফয়সাল আহম্মেদ জানান, “ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসের প্রতিবেদন পেলে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করতে ভূতাত্ত্বিক জরিপের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”




















