বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান
- আপডেট সময় : ০১:৩৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৮২০ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। রবিবার (২৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুশাবাড়ি এলাকায় এবং একই ইউনিয়নের সালাইনগর-বাজিতপুর ব্রীজ সংলগ্ন বড়াল নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কুশাবাড়ি এলাকায় ১টি এবং সালাইনগর-বাজিতপুর ব্রীজ সংলগ্ন এলাকায় ২টি অবৈধভাবে নির্মিত বাঁধ ও একটি চায়না দোয়ারি জাল উচ্ছেদ করা হয় এবং জব্দকৃত বানা, বাঁশ, খুঁটি ও চায়না জাল বিধিমোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসানের নেতৃত্বে পকেটখালি পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান বলেন, “প্রবাহমান জলাশয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এতে প্রাকৃতিকভাবে মাছের প্রজনন ও চলাচল ব্যাহত হয়, যার ফলে মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি হয়।”
তিনি আরও জানান, “জনকল্যাণে এবং মৎস্য সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



















